বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং গীতিকার আবিদ আনোয়ারের জন্মবার্ষিকী আজ

জলেই থাকি কিন্তু তবু মাছের থেকে দূরে
ঘর বেঁধেছি স্বচ্ছ বালি, জলজ ক্যাকটাসে;
রুই-কাতল ও টাকির মেকি ফেনানো বুদ্বুদে
মন মজেনি ঘুচাতে চাই মীনের পরিচয়।

আমার ঘরে নৈশব্দ্যও শব্দ থেকে দামী:
ফ্রাই উপমান, সিদ্ধ ধ্বনি, কল্পনা চচ্চরি,
প্রতীক-পরাস্বপ্নে চলে অলীক খাওয়া-দাওয়া;
যুগান্তরের পোশাক প’রে ঢুকছে যুগের হাওয়া!

আমার ঘরে আসলে তুমি পেরিয়ে কাচের বাধা
দেখতে পাবে তেজস্ক্রিয় শাশ্বত এক নুড়ি,
সান্দ্র আলোর ফিনকি দিয়ে সত্য করে ফেরি,
একটু ছুঁলেই ছলকে ওঠে সমুদ্র-কল্লোলও।

যুগের তালে কানকো নাড়ে তিন-পাখার এক মাছ
পটভূমি স্বচ্ছ বালি জলজ ক্যাকটাস…

[কবিতাঃ- অ্যাকুরিয়াম
কবিঃ- আবিদ আনোয়ার]

আবিদ আনোয়ার একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার, ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার।

তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহন করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য দুইহাজার বারো সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি।

উনিশশো পঞ্চাশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ চব্বিশে জুন তিনি কিশোরগঞ্জের কটিয়াদীতে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করার পর তিনি উনিশশো সপ্ত আশি সালে সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসৌরী কলাম্বিয়া থেকে সাংবাদিকতায়ও স্নাতকোত্তর ডিগ্রীও লাভ করেন।

তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে আটকে আছি মধ্যনীলিমায়, কাব্যসংসার, খড়বিচালির বৃক্ষজীবন, স্বৈরিণীর ঘরসংসার, মরা জোছনায় মধুচন্দ্রিমা, প্রতিবিম্বের মমি প্রভৃতি। তিন পাখনার প্রজাপতি তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। শিশুতোষ সাহিত্যেও তার বিশেষ অবদান রয়েছে

আবিদ আনোয়ার মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের বিহারে অবস্থিত চাকুলিয়া ক্যাম্প থেকে বিশেষ কমান্ডো হিসেবে প্রশিক্ষণ নিয়ে তিন নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। কিশোরগঞ্জ এলাকায় ধূলদিয়া রেলসেতু অপারেশন এবং ভাঙা সেতুর পাড়ে পরবর্তী যুদ্ধ পরিচালনায় তিনি প্রভূত সাফল্য প্রদর্শন করেন।

কিশোরগঞ্জ মহকুমা মুক্তিযোদ্ধা ক্যাম্পের প্রথমে সহধিনায়ক, এবং শেষে পূর্ণাঙ্গ অধিনায়িকের দায়িত্ব পান । এ কাজে তাঁর পূর্বসূরী ছিলেন পর্যায়ক্রমে ক্যাপ্টেন মতিউর রহমান ও লেফটেন্যান্ট সাদেক।

আবিদ আনোয়ার একজন বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তার লেখা গান খোন্দকার নুরুল আলম, বশির আহমদ, সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার, অণুপ ভট্টাচার্য, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দীসহ পঞ্চাশ দশকোত্তর বিখ্যাত শিল্পীদের কণ্ঠে শতাধিক গান প্রচারিত হয়েছে।

আবিদ আনোয়ারের প্রকাশিত বইয়ের সংখ্যা বিশটি। কৃষি ও পুষ্টিবিজ্ঞানের জনহিতকর তথ্য-সংক্রান্ত গবেষণা ও প্রকাশনা এবং এসব তথ্যকে সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন পল্লীগীতির সুরে-সুরে মাঠে-ময়দানে প্রচার করার স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রপতি পদক অর্জন করেন।

এছাড়াও তিনি সার্বিক সাহিত্যকর্মের জন্য রাইটার্স অ্যাসোসিয়েশন এর পদক ও সংবর্ধনা; স্বাধীনতার রজত জয়ন্তি পুরস্কার: সৈয়দ নজরুল ইসলাম পদক; বৃহত্তর ময়মনসিংহ সমিতির সংবর্ধনা; ছড়া সাহিত্যে অবদানের জন্য সুকুমার রায় সাহিত্য পদক; কবিতার জন্য শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার পেয়েছেন।

উনিশশো সাতাশি সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জার্নালিজম স্কলারশিপ সোসাইটির সম্মানসূচক সদস্যপদ লাভ করেন।

তাঁর ইংরেজি স্ক্রিপ্টনির্ভর প্রোগ্রামের জন্য বাংলাদেশ বেতার দুইবার কমনওয়েলথ ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। বর্তমানে তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে পার্ট টাইম কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।

আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অজস্র শুভকামনা।

তাংঃ- ২৪/৬/২০২১ ইং

Facebook Comments